অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৭

রাজধানীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো একটি বাস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ানস হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ওপর উঠে যায় বাসটি। মাইক্রোবাসের ড্রাইভারসহ কিছু যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে এতে কেউ গুরুতর হতাহত হননি। 

মাইক্রোবাসের ওপরে উঠে যায়। ছবি: ইত্তেফাক

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৯) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৮৬২) ওপর উঠে যায় বাসটি। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। 

বাসটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি। 

 

ইত্তেফাক/এএএম