ফিঞ্চ পাখি পালনে দিনারের সাফল্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০১:২৯

শখ করে তিনি ফিঞ্চ পাখি পালন করেন এবং এতেই লাভ করেছেন সফলতা। কিছুদিন আগে তার খাঁচা আলো করে এসেছে ওয়েস্টার্ন ব্লু বিল ফিঞ্চ। বিশ্বে হাতেগোনা মাত্র কয়েকজন এই পাখি খাঁচায় ব্রিড করতে পেরেছে। এই কয়েকজনের তালিকায় নাম উঠেছে মানিকগঞ্জের আবদুল হান্নান দিনারের। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন। মানিকগঞ্জ শহরে গালর্স স্কুল রোডে তার পক্ষীশালা। 

দিনারের বাবা আব্দুর রউফ কবুতর পালন করতেন। ছোটবেলা থেকেই পাখি দিনারের খুব পছন্দ। বাবার কাছে পাখির জন্য আবদার করলে তিনি দিনারকে বাজরিগার, লাভবার্ড, ককাটেইল কিনে দেন। তবে ফিঞ্চ পাখির প্রেমে পড়ে যান দিনার। কিনে আনলেন নানা প্রজাতির ফিঞ্চ। খাঁচার পোষা পাখি ফিঞ্চ নিয়েই পড়ে থাকলেন দিনের পর দিন। সময়টা ছিল ২০১২ সাল। 

এরপর অল্প সময়ে দিনার দুলর্ভ প্রজাতির বিভিন্ন ফিঞ্চ খাঁচায় ব্রিড করাতে সফল এবং দেশে তো বটেই, বিদেশীরাও তার পাখির মানের প্রশংসা করেন। বিদেশের বিখ্যাত ব্রিডাররা যেমন পরিবেশে পাখি পালন করেন দিনারের পাখিও সে রকমই পরিবেশে বড় হয়। ওয়েস্টার্ন ব্লু বিল; আকারে ছোট হলেও মন কেড়ে নেওয়ার মতো একটি পাখি। এই পাখি খাঁচায় ব্রিড করানো (ডিম-বাচ্চা) কঠিন কাজ। দিনার সম্প্রতি ওয়েস্টার্ন ব্লু বিল ব্রিড করায় সফল হয়েছেন। এশিয়া মহাদেশে তার আগে কেউ এই পাখির বাচ্চা পাওয়ার চেষ্টায় সফল হয়নি। যতটা জানা যায়, গোটা পৃথিবীতে হাতেগোনা দু-একজন মানুষ সফল হয়েছেন।

এছাড়া ডাইবসকিস টুইনস্পট, পার্পেল গ্র্যানাডিয়ার , ল্যাভেন্ডার, ব্রোঞ্জ ম্যানিকিন, ব্লু বিল ফায়ার ফিঞ্চ, ডমিনেন্ট সিলভার জেব্রা, ক্রেস্টেড গ্রিজেল জেব্রা ফিঞ্চ বাংলাদেশে একমাত্র তিনিই ডিম থেকে বাচ্চা পাওয়ার ক্ষেত্রে সফল হন। অরেঞ্জ চিকড ওয়াক্সবিল, ব্ল~ ক্যাপড কর্ডন ব্লু, থ্রি-বি জেব্রা ফিঞ্চ, ক্রেস্টেড পার্ল বেঙ্গলিজ, লুটিনো স্টার ফিঞ্চ, ক্রেস্টেড সেল্ফ চকলেট বেঙ্গলিজ বাংলাদেশে প্রথম ব্রিড করান তিনি। বর্তমানে তার কাছে প্রায় ৩০ প্রজাতির ফিঞ্চ রয়েছে, যেগুলোর প্রতিটি সংখ্যায় শতাধিক। বাজরিগার সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে দেশের শ্রেষ্ঠ ফিঞ্চ ব্রিডার হিসাবে বিএসবি পদক পেয়েছেন তিনি। এছাড়া রেইনবো অ্যান্ড ক্রিস্টেট রেইনবো বাজরিগারসহ বেশকিছু সংগঠন থেকে ফিঞ্চ ব্রিডিংয়ে সফলতার জন্য পুরস্কার লাভ করেছেন তিনি।

ইত্তেফাক/এসটিএম