ক্রাইস্টচার্চে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ কাল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১

ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হওয়ার সময়টা এখন অতীত। ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট তিন ম্যাচের টেস্ট সিরিজ। যে ফরম্যাটে ওয়ানডের তুলনায় অনেক নাজুক বাংলাদেশ দলের পারফরম্যান্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মাঠে নামার আগে ম্যাচ আবহে প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আগামীকাল দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে মাঠে নামবে সফরকারীরা। ক্রাইস্টচার্চের লিঙ্কনে বার্ট সাটক্লিফ ওভাল মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের আগেও প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট খেলতে যেতে পারেননি নিউজিল্যান্ডে। বিপিএলের ফাইনালে হাতের ইনজুরিতে পড়েছিলেন তিনি। নির্বাচকদের ধারণা, প্রথম টেস্টের আগে যেতে পারবেন না সাকিব। আবার এমন সম্ভাবনাও আছে যে, গোটা সিরিজই মিস করবেন এই অলরাউন্ডার।

তার অবর্তমানে আগের মতোই টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের। সাকিবের বিকল্প হিসেবে টেস্ট দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, গতকাল নিউজিল্যান্ডে পুরো বিশ্রামে ছিল বাংলাদেশ দল। টেস্ট দলের পাঁচ বিশেষজ্ঞ ক্রিকেটার শেষ কয়েকটা দিন ক্রাইস্টচার্চে অনুশীলন করেছেন। বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম, বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও তিন পেসার আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেনরা জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ৮ মার্চ ওয়েলিংটনে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ। এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ আগেই ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। ভারত পপলির নেতৃত্বে খেলবে স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াড

ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু,  ব্লেক কোবার্ন, অ্যান্ড্রু ফ্ল্যাচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লুওয়ার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নটাল, ডেল ফিলিপস ও বেন সিয়ার্স।