কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ  

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের  প্রতিনিধি মো. মেহেদী হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ফরহাদ (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মীর শাহাদাত হোসেন (দৈনিক আজকালের খবর), দফতর সম্পাদক মুহা. মহিউদ্দিন মাহি (বাংলাদেশ পোস্ট), তথ্য ও পাঠাগার সম্পাদক কাজী দেলোয়ার হোসেন শরীফ (দৈনিক বাংলাদেশের খবর), কার্যনির্বাহী সদস্য আহমেদ ইউসুফ (দৈনিক ভোরের কাগজ) এবং ইকবাল মনোয়ার (দৈনিক যায়যায়দিন)।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-এর  নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটি সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ। বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তরের পর থেকে নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

ইত্তেফাক/এএএম