‘এখন প্রিজাইডিং অফিসার দিয়েই ভোটের ফল পাল্টানো যায়’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২১:১০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন হয় না, প্রিজাইডিং অফিসার দিয়েই ভোটের ফলাফল পাল্টে ফেলা যায়।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বিএনপির গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, এ সরকারকে যদি বিদায় করতে না পারি, তাহলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এ সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এ সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার ধ্বংস করে দিয়েছে। তাই গণতন্ত্র উদ্ধারের জন্য, বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য, তরুণ নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

বর্তমানে প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করা হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, এ ৩০ ডিসেম্বর ভোট না করেই এ সরকার ক্ষমতায় এসেছিল। আজকের এ দিনকে আমরা ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করি। আমাদের ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। আমাদের পত্রিকায় লেখার অধিকার আমরা ফেরত পেতে চাই। সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, তারা সব কিছু লিখতে পারবেন না। কারণ তাদের ওপর দেওয়া আছে ডিজিটাল সিকিউরিটি আইন। কিছু বললেই মামলা দিয়ে সাংবাদিককে জেলে দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, সারাদেশের মানুষের দাবি, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর। কিন্তু এসব দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু হয়, সরকারকে এর দায় নিতে হবে।
 
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা বিএনপি কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।  


ইত্তেফাক/এনএ