শাবনূরের অবস্থার উন্নতি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২১:৩৬

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ছবির দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানকার চিকিত্সকরা তাকে তত্ত্বাবধানে রেখেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ঝুমুর।

তিনি জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল শাবনূরের। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন কয়েকদিন। কিন্তু হঠাত্ করেই গত বুধবার শাবনূরের অবস্থা জটিল হলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে নেওয়া হয়। বোনের জন্য দোয়া চেয়েছেন ঝুমুর।

তবে জানা গেছে, বুধবার তার শ্বাসকষ্ট থাকলেও বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন। এদিকে শাবনূর গতকাল এক ফেসবুক পোস্টে করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনা ভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও ঘরে থাকার চেষ্টা করুন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি।’

উল্লেখ্য, বর্তমানে শাবনূরের তেমন কোনো শারীরিক জটিলতা না থাকলেও আরো ১৪ দিন চিকিত্সকদের পরামর্শ মোতাবেক তাকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে।

ইত্তেফাক/বিএএফ