সৈকতে সূর্যাস্তের সাক্ষী হলেন লাখো পর্যটক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:২৯

ডুবে গেলো ২০২১ সালের শেষ সূর্য। কক্সবাজার  সৈকতে সূর্যাস্তের সাক্ষী হলেন লাখো পর্যটক। গত বছরের সফলতা-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে পরিচ্ছন্ন আগামীর প্রত্যাশায় ২০২২ সালকে স্বাগত জানিয়েছেন সবাই।

অনেক প্রাপ্তি, হতাশা আর নানা ঘটনার আর অঘটনকে চাপিয়ে শেষ হল আরও একটি বছর। বছরের শেষ সূর্য ডুবা দেখতে সৈকতে হাজির হয় প্রকৃতি সচেতন লাখো আবাল-বৃদ্ধ-বণিতা।

তবে, এবারও থার্টিফাস্ট নাইটের কোনো আয়োজন নেই। কিন্তু নিয়মরক্ষায় ইনডোরে অনুষ্ঠান করছে তারকা হোটেলগুলো। তাই রাতের সৈকতে উল্লেখ করার মতো পর্যটক নেই। কনকনে শীতের আবহাওয়া থাকলেও বর্ষ বিদায়ের শেষ দিনে সূর্য লাল আভা ছাড়িয়ে বিদায় নিয়েছে। ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে পরিচ্ছন্ন আগামীর প্রত্যাশায় ২০২২ সালকে স্বাগত জানিয়েছে সবাই।

করোনার ওমিক্রন ধরন ও নানা কারণে থার্টিফার্স্ট নাইটের সব ধরণের আয়োজন এবারও বন্ধ রেখেছে সরকার। অন্য বছরের মতো তারকা হোটেল ওশান প্যারাডাইস, কক্স-টু-ডে, সায়মন বিচ রিসোর্টসহ অন্য তারকা হোটেলগুলো ইনডোর অনুষ্ঠান করছে।

এদিকে, অনুষ্ঠান না থাকলেও পর্যটকে ভরা সৈকতসহ সর্বত্র সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ অন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।  

শুক্রবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা গেছে, পর্যটকের পাশাপাশি স্থানীরাও সৈকতে এসেছে। তবে তেমন কেউ সমুদ্রে নামেনি।  অন্যরা বালুচরে দাঁড়িয়ে সাগরের গর্জন আর সূর্যাস্ত উপভোগ করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার সমীর রঞ্জন সাহা পরিবার নিয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে এসেছেন। চাকরির সুবাদে কক্সবাজারে অবস্থান করায় বিগত বছরের ন্যায় এবারও বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে স্ত্রী, সন্তান নিয়ে বালিয়াড়িতে যান। সাক্ষী হন ২০২১ সালের বিদায়ী সূর্যাস্তের। 

সূর্যাস্ত দেখছেন পর্যটকরা।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, অনুষ্ঠান না থাকলেও পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে জেলা প্রশাসনের ভ্রমমাণ আদালত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। 

 

ইত্তেফাক/ইউবি