কক্সবাজার টেকনাফের পাহাড়ি ছরায় বন্যহাতির একটি মৃত শাবক পাওয়া গেছে। বনবিভাগ ধারণা শাবকটি মৃত অবস্থায় প্রসব হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩ টায় হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নম্বর পুটিবনিয়া শিবিরের পেছনে রইক্ষ্যংয়ের পাহাড়ি ছরার কাছে পাওয়া মৃত শাবকটি পুঁতে ফেলা হয়।
সংবাদের সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান জানান, স্থানীয়রা মৃত শাবকটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তখন বনকর্মীরা গিয়ে হাতি শাবকের মৃত দেহ উদ্ধার করে পুঁতে ফেলেছে।
বনকর্মীদের বরাতে তিনি বলেন, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করত। পাশাপাশি পানি পান করতে ওই ছরায় আসতো হাতির দল। এ ছরার পার্শ্ববর্তী স্থানে আশ্রিত প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাস করছেন।
এসিএফ তারেক রহমান আরও জানান, মনে হচ্ছে রাতে শাবকটি প্রসব করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি, মা হাতিসহ তিনটি হাতি শাবকটিকে পাহারা দিচ্ছে। পরে কৌশলে শাবকটি উদ্ধার করে দেখা যায় তা মায়ের পেটে মারা যায়।
তার মতে, রোহিঙ্গাদের কারণে হাতির খাদ্যাভাবের চরম সংকট দেখা দেয়। হয়তো শাবকটি পেটে থাকায় মা হাতিটি পর্যাপ্ত খাদ্য পাইনি, যার কারণে পেটে মারা যেতে পারে।
