মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রেতা সেজে ৩০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান বোরকা পরিহিত অজ্ঞাতনামা চার নারী। গত বুধবার বিকাল চারটায় ‘মজুমদার জুয়েলার্স’ নামে বাজারের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
মালিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, বুধবার বিকাল চারটায় কালো বোরকা পরিহিত চার নারী তার স্বর্ণের দোকানে ঢোকেন। তাদের মধ্যে তিনজন দোকানে রাখা কয়েকটি স্বর্ণালংকারের দরদাম করেন। বাকি একজন দোকানে পাঁয়চারি করেন। গলার একটি হারের দরদাম নিয়ে তার সঙ্গে ওই তিনজনের কিছুক্ষণ মুলামুলি চলতে থাকে। এ ফাঁকে পাঁয়চারি করতে থাকা ওই নারী দোকানের টেবিলে রাখা একটি স্বর্ণের বাক্স হাতিয়ে কৌশলে সেখান থেকে সটকে পড়েন। এরপর ওই তিন নারীও কিছু না কিনে চলে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান ওই স্বর্ণের বাক্সটি নেই।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল বলেন, এ ব্যাপারে বুধবার রাতে দোকানটির মালিক মো. জাকির হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা চার নারীর বিরুদ্ধে থানায় চুরির মামলা করেন। মামলার তদন্ত চলছে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
