ভারতের দেওয়া অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেলো চসিক

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯:৫০

ভারত সরকারের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি সিটি মেয়র মো. রেজাউল করিমের কাছে হস্তান্তর করা হয়েছে।  রবিবার নগর ভবনে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি সিটি মেয়রের কাছে চাবি হস্তান্তর করেন।

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়রের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর মার্চে বাংলাদেশ সফরকালে বাংলাদেশকে ১১৯টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিবেন বলে কথা দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় চসিককে এই অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হলো। এই অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধাসহ ট্রমা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

এ সময় সিটি মেয়র বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। প্রতিবেশী হিসেবে একটি রাষ্ট্রের যে ভূমিকা রাখা প্রয়োজন অতীতেও ভারত তা রেখেছে। যার প্রমাণ আমরা ’৭১-এ পেয়েছি। সম্প্রতি করোনাকালেও তারা টিকা উপহারসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আমাদের পাশে আছেন। যার মধ্যে পিপিই কিট, চিকিত্সা সরঞ্জাম, টেস্টিং কিট ইত্যাদি। আমি বিশ্বাস করি প্রতিবেশী দেশ হিসেবে যে সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন তা ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আগামীতেও বিরাজ করবে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব খালেদ মাহমুদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এ সময় সিটি  করপোরেশনের সব বিভাগীয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন। 

 

ইত্তেফাক/ইউবি