ফেনীতে ট্রেনে কাটা পড়ে শারমিন আক্তার সুমাইয়া (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দুপুরে শহরতলীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে চাদঁপুরগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপর রেলক্রসিং পার হচ্ছিল। এসময় শারমিন আক্তার দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়।
একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন আক্তার সুমাইয়া ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী। তবে কি কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা স্বজনরা জানাতে পারেনি।
