ঝিনাইগাতীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২১:৫০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪ নম্বর গৌরীপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মন্টু।

রবিবার (২ জানুয়ারি) বিকালে বনগাঁও বাজারের নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মন্টু বলেন, ‘আমি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম (পলাশ) বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার পক্ষে কাজ করছেন ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুছ ছালামসহ দলীয় নেতা কর্মীরা। ফলে নৌকার বিজয় অনিশ্চিত হয়ে পড়ছে।’

তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম জানান, বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি