সৈয়দপুরে গার্মেন্টসের ঝুট কাপড়ের লেপের কভার সেলাই করে ভাগ্য বদলেছে কয়েক হাজার নারী-পুরুষের। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করছে। এই কাজের সঙ্গে যুক্ত প্রতিটি পরিবারই সচ্ছলতার ছোঁয়া পেয়েছে। এসব পরিবারের সদস্যদের প্রায় সবাই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
প্রতি শীত মৌসুমে রাজধানী ঢাকা, কুমিল্লা, পাবনা, শরীয়তপুর, যশোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ঝুটের লেপের কভার কিনে নিয়ে যান। সরজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে দিন-রাত চলছে সেলাই মেশিন। এক টুকরো ঝুট কাপড়ের সঙ্গে আরেক টুকরোর জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে এই লেপের কভার। উপজেলার ইসলাম এলাকার বাসিন্দা আকবর আলী জানান, তিনি আগে রিকশা চালাতেন। ঝুট কাপড়ের ব্যবসা শুরু করার পর ভাগ্য ফিরেছে তার। গোলাহাট এলাকার স্কুলছাত্রী মিথিলা পারভীন ও মিফতাহুল জান্নাত জানান, অবসরে লেপের কভার সেলাই করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। তা দিয়ে নিজের লেখাপড়ার খরচের পাশাপাশি বাবা-মাকে সংসারে সাহায্য করেন তারা। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সরকার সুনজর দিলে এই খাতে অনেক লোকের কর্মসংস্থান তৈরি করতে পারব।
