রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মদপানে মারা গেছেন। রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন। মৃত শিক্ষার্থী মাসুরুর মুহিতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকন্দগাঁতী গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, মুহিত রুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি রাজশাহী নগরীর তালাইমারী বিএসবি ছাত্রাবাসে থাকতেন। গত রবিবার রাতে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে।
ওসি জানান, ঐ শিক্ষার্থী অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছে—সেটি লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

মেঘনায় ট্রলারডুবি: এক পরিবারের ৩ জনের মৃত্যু