দর্শনা চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা, কমেছে যাত্রীর সংখ্যা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৮:১৫

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন বৃদ্ধির কারণে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে যাত্রী যাতায়াত করছে। 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দর্শনা চেকপোস্টে নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তারা অতি ও সর্বোচ্চ সতর্কতার সাথে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের স্ক্রিনিং ও র‌্যাপিড এন্ট্রিজেন পরীক্ষার পর দর্শনা কাস্টমস ও ইমিগ্রেশনে পাঠাচ্ছেন। সাথে সাথে ভারত গমনকারীদেরকেও স্ক্রিনিং করিয়ে পাঠানো হচ্ছে। 

দর্শনা ইমিগ্রেশন ওসি মো আব্দুল আলীম জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ও ওমিক্রন বৃদ্ধির ও নতুন বিধিনিষেধ আরোপ করায় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত অর্ধেকেরও কমে নেমে এসেছে। যেখানে গত রবিবার ও সোমবার দর্শনা চেকপোস্ট দিয়ে মেডিক্যাল ও বিজনেস ভিসায় ৫শ থেকে ৬শ যাত্রী যাতায়াত করেছে, সেখানে মঙ্গলবার ভারত থেকে এসেছে মাত্র ৫৪ জন এবং ভারতে গমন করেছে মাত্র ৭১ জন। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, দর্শনা সীমান্ত চেকপোস্টের বিপরীতে ভারতীয় কিছু অংশে করোনা ও ওমিক্রন বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতর থেকে সতর্ক নির্দেশনা দিয়েছেন। যার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সীমান্ত চেকপোস্টে অতি সতর্কতার সাথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবহন করার সময় অল্প সংখ্যক যাত্রী নিয়ে যাতায়াত করা। এ ছাড়া দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে আসা ভারতীয় মালবাহী ট্রেন চালক ও গার্ডদের স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রবেশ ও মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে দর্শনা বন্দর ত্যাগ করানো বাধ্যতামূলক।

ইত্তেফাক/এমএএম