ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে মানবাধিকার উন্নত হয়েছে। যারা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে নানা কথা বলছে তারা না বুঝেই বলছে। সরকার সব শ্রেণির স্বার্থ রক্ষায় কাজ করছে।’ গত বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ইউএন গাইডিং প্রিন্সিপলস অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এটাও মানবাধিকার প্রতিষ্ঠার কাজ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় যা যা করণীয় সবই করছে। দেশের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এসব পদক্ষেপের ফলেই মানুষের মাথাপিছু আয় বাড়ছে। অবকাঠামো, চিকিত্সা সেবাসহ অন্যান্য খাতেও উন্নয়ন হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী প্রমুখ।
