হেরেছেন মাত্রই, কিন্তু হারের কারণটা জানতে যেন খুবই তাড়া ছিল টম ল্যাথামের। তাই মাঠ থেকে ড্রেসিংরুমে গিয়ে সোজা আলোচনায় বসে গেলেন কোচ গ্যারি স্টিডের সঙ্গে। মাউন্ট মঙ্গানুই টেস্টে গলদটা আসলে কোথায় ছিল, যে কারণে ঘরের মাঠে ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর স্বাদ মিলল পরাজয়ের।
সোজাসুজি বলতে গেলে হারের কারণে এবাদত হোসেন। ক্রিকেট বিশ্বের কাছে অখ্যাত এই পেসারের বিখ্যাত হওয়ার গল্প ছিল এই ম্যাচ। গতি ও রিভার্স সুইংয়ের দারুণ নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে পুরো ম্যাচের খোলনলচে বদলে দেন তিনি। শুধু এবাদতই নন বাংলাদেশের বাকি বোলাররাও ছিলেন শৃঙ্খলাবদ্ধ। নিউজিল্যান্ডের মাটিতে এমন বাংলাদেশকে দেখে তাই অবাকই হয়েছেন ল্যাথাম।
৮ উইকেটে হারের পর ম্যাচ শেষে কিউই অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং ও দ্বিতীয় ইনিংসে তাদের বোলিং আমায় অবাক করেছে। তারা যেভাবে লম্বা সময় ব্যাট করেছে সেজন্য তাদের কৃতিত্ব দেওয়া দরকার। বল হাতে উত্তেজনাকর এক পারফরম্যান্স দেখিয়েছে। খেলার মধ্যে প্রতিটি সুযোগই লুফে নিয়েছে তারা। ’ টেস্ট ম্যাচ পাঁচ দিনের, নিজেদের মাটিতে একদিনও দাপট দেখাতে না পেরে হতাশ ল্যাথাম, ‘বাংলাদেশ দেখিয়েছে কীভাবে প্রথম ইনিংসের নিয়ন্ত্রণ নিতে হয়। তারা আমাদের চাপে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে জুটি তৈরির চেষ্টা করেছি আমরা কিন্তু সুবিধা নিতে পারেনি। তারা বল হাতে আত্মবিশ্বাসী ছিল এবং সত্যিই ভালো বল করেছে। পুরো পাঁচ দিন জুড়েই তারা আমাদের থেকে এগিয়ে ছিল। ’
