রাস্তা সরু হওয়ায় সময়মতো পৌঁছানো যায়নি :ডিজি ফায়ার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

পুরান ঢাকার বেশিরভাগ এলাকার রাস্তা এতো সরু যে, একটি প্রাইভেট কার কিংবা রিকশা একদিকে গেলে বিপরীত থেকে অন্য কোনো যানবাহন আসা সম্ভব হয় না। অপরিকল্পিত ভবন নির্মাণ ও গিঞ্জি গিঞ্জি অবস্থা পুরান ঢাকার পরিবেশ। তার মধ্যে ভবনগুলোতে কেমিক্যালের গোডাউন ও ছোট ছোট কারখানা। এই অবস্থায় অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীদের গাড়ি নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছানো সম্ভব হয় না। বিভিন্ন এলাকা ঘুরে বিলম্বে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নিবারণের সময় পানি শেষ হয়ে গেলে অপর একটি গাড়ির পানি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এই অবস্থায় আগুনের ব্যাপকতা বেড়ে যায়। ঘটে যায় প্রাণহানি ও ক্ষতির ব্যাপকতা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ বলেন, পুরান ঢাকায় সময়মতো অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে না পারায় ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হওয়ার অন্যতম কারণ। ফায়ার সার্ভিস থেকে দায়িত্বশীল মহলকে বহুবার অনুরোধ করা হয়েছে ও চিঠি দিয়ে জানানো হয়েছে যে, পুরান ঢাকার রাস্তাগুলো প্রশস্ত করে ফায়ার সার্ভিসের মতো যানবাহন চলাচলে ব্যবস্থা করুন। বিপজ্জনক কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হয়। কেউ ফায়ার সার্ভিসের আবেদনে সারা দেয়নি।