মেহেদির রং মুছতে না মুছতেই...

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

ইত্তেফাক রিপোর্ট

মেহেদির রং মুছতে না মুছতেই বিধবা হলেন স্মৃতি। স্বামী মাহবুর রহমান রাজু ও দেবর মাসুদ রানা গত বুধবার রাতের আচমকা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান। গত ২৮ জানুয়ারি আফরুজা সুলতানা স্মৃতির সঙ্গে রাজুর বিয়ে হয়। কিন্তু আগুনে চিরতরে স্মৃতি হয়ে যায় স্মৃতির সংসার। 

স্মৃতির বাবা আবুল খায়ের বলেন, কত আয়োজন করে আদরের কন্যাকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু মাস না যেতেই আমার মেয়ে বিধবা হলো। এখন তার কি হবে?

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ছুটে আসি। কিন্তু জামাইয়ের দোকানের কাছেই যেতে পারিনি। পরে শুনেছি ওরা আগুনের ভয়ে দোকানের সাটার বন্ধ করে দিয়েছিল। আর বের হতে পারেনি। আবুল খায়ের বলেন, আগুন লাগার আধাঘণ্টা আগেও রাজুর মা ছেলের সঙ্গে দেখা করে গেছে।

স্মৃতির স্বামী রাজুরা তিন ভাই। রানা টেলিকম নামে তাদের দোকান ছিল। সেখানে ফোন-ফ্যাক্সসহ মোবাইল যন্ত্রাংশ বিক্রি করতো তারা। ছোট্ট ভাইকে নিয়ে বাবা-মাসহ চুড়িহাট্টার পাশের একটা ভবনে থাকতো। রাজু এবং রানার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে সেখানেই তাদের লাশ সনাক্ত করেন স্বজনরা।