ইত্তেফাক রিপোর্ট
পড়ালেখা শেষ করার আগেই বিয়ে করেন এইচএম কাওসার আহমদ। পরিবারকে একটু বাড়তি সহায়তা দেয়ার জন্য ব্যবসাও শুরু করেন। তার জীবন ভাগ্যে সবকিছুই এসেছে একটু আগে আগে। এমনকি মৃত্যুর ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না!
রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে স্ত্রীসহ ফুটফুটে যমজ দুই বাচ্চাকে রেখে চলে গেলেন তিনি। কাওসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষবর্ষের ছাত্র। বিয়ের পর তার স্ত্রী মুক্তির কোলজুড়ে আসে ফুটফুটে যমজ বাচ্চা। চকবাজারের চুরিহাট্টায় কাওসারের ছিল ফার্মেসির ব্যবসা। প্রতিদিনের মতো বুধবারও ফার্মেসিতে যান তিনি। এই যাওয়ায় ছিল তার শেষযাত্রা। রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়েছেন এই যুবক।
বৃহস্পতিবার লাশের সন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসেছেন মা, বড় ভাই ইলিয়াস ও স্ত্রী মুক্তা। মুক্তার কোলে কাওসারের যমজ শিশু। যেন বাবাকেই খুঁজে ফিরছে। মর্গের সামনে কাঁদতে কাঁদতে ইলিয়াস বলেন, ‘আমার ভাইয়ের লাশ খুঁজতে মর্গে এসেছি। কিন্তু এখন পর্যন্ত পাইনি।’
এ দিকে, স্বামী হারানোর খবর শুনে মর্গের সামনেই বারবার মূর্ছা যাচ্ছিলেন মুক্তি। বারবার শুধু বলেন, তুমি, কিভাবে এমন করে আমাদের ছেড়ে গেলে। ওরা বাবা বাবা করছে। তোমার ডাক শুনতে না পেয়ে কান্নাকাটি করছে। তুমি ফিরে আস। মায়ের কান্না দেখে শিশুরা ঠিক কি হয়েছে তা বুঝে উঠতে পারছে না। তারা মায়ের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে।
