রাতভর কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ও আহতদের প্রয়োজনীয় সহায়তা করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘নিহতদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা এবং আগুনে দগ্ধ ও আহতদের সুচিকিত্সায় ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সরকারপ্রধান দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ আন্তরিকতা এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।’

জানা গেছে, পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শোনামাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে খোঁজ-খবর নেওয়া শুরু করেন। এ ঘটনায় তিনি চিন্তিত ও বিমর্ষ ছিলেন। সারারাত ঘুমাতে পারেননি। তিনি রাতভর জেগে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন এবং উদ্ধার কার্যক্রম পরোক্ষভাবে পর্যবেক্ষণ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বারবার কথা বলেছেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

শোক

পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংশ্লিষ্ট সকলকে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি এই ঘটনায় আহতদের যথাযথ চিকিত্সা দেওয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।