অগ্নি দুর্ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। এ কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে অগ্নি দুর্ঘটনা পুনরাবৃত্তিরোধে সুপারিশ করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিজুল হককে কমিটির আহ্বায়ক এবং বিসিকের পরিচালক (প্রকল্প) মো. আব্দুল মান্ননকে এর সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, কল-কারখানা অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা জেলা প্রশাসকের একজন করে উপযুক্ত প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেইন্টস্, ডাইজ অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটি অব কেমিক্যাল সায়েন্টিস্টের সাধারণ সম্পাদক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
