শহীদ দিবসে আলোচনা, শোভাযাত্রা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজনও করা হয়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর প্রতিনিধি জানান, একুশের প্রথম প্রহরে জেলা শহরের রাজবাড়ি মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, শহীদ বরকতের পরিবার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, ধান গবেষণা ইন্সটিটিউট, ডুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জজ, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক মিছিল বের করা হয়। বুধবার দিবাগত রাতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহীদ রফিকের মোরালের সামনের রাস্তায় আল্পনা উত্সব এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম.ফেরদৌস। বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ প্রমুখ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এসময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) প্রমুখ। বৃহস্পতিবার ভোরে প্রভাত ফেরি ছাড়াও দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল প্রমুখ। অপরদিকে দোহার উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, ওসি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, একুশের প্রথম প্রহরে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক মোঃ শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান সরকার, আলআমিন ভূঁইয়া প্রমুখ।

এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে স্থানীয় সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে চার দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুলসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সোনারগাঁও প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, রূপগঞ্জ প্রেসক্লাব, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ লায়ন মীর আব্দুল আলীম, সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার প্রমুখ।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘিওরে শোভাযাত্রা, ভাষাসৈনিকদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ঘিওর প্রেসক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং প্রভাতে ঘিওর ডি, এন,পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিওর সরকারি কলেজ, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ভাষাসৈনিকদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, ভাষাসৈনিক আঃ হাকিম মাস্টারের ছেলে উজ্জল রানা, ভাষাসৈনিক মোঃ মিরান উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ মিয়া। শেষে ভাষাসৈনিকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।