কেরানীগঞ্জে জিসান (১৪) নামে এক কিশোরকে ৬ তলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জের কৈবার্ত্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে পুলিশ ঐ কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঐ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জিসানের মা হাজেরা খাতুন জানান, সিফাত ও শাকিল নামে জিসানের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে হাজী জুলহাস শেখ ও রশিদ বেপারীর ৬ তলা বিশিষ্ট দুই ভবনের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে জিসানকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জিসানের বন্ধুরাই তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার চাই। নিহত জিসানের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। সে কালিগঞ্জ এলাকার একটি গার্মেন্টের শ্রমিক ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক ওবাইদুল হক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
