মাহাথিরের শরীরে অস্ত্রোপচার

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৩:৩৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শরীরে সফল একটি অস্ত্রোপচার করা হয়েছে। রবিবার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ৯৬ বছর বয়সী মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে। কোনো ঘটনা ছাড়াই পরিকল্পনা মতো অস্ত্রোপচারটি শেষ হয়েছে।

জানা গেছে, মাহাথির গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েক মাসের মধ্যে এই দিনে দ্বিতীয় বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। এর আগে ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর ছাড়া পেয়েছিলেন।

১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর টানা ২২ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। তার শাসনে দেশটিতে ব্যাপক পরিবর্তন আসে। যে দলের হয়ে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন তাদের হারাতে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মাহাথির। তবে শরিকদের অন্তর্দ্বনন্দ্বে ঐ সরকার দুই বছরও পূর্ণ করতে পারেনি। প্রধানমন্ত্রী না থাকলেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের প্রভাব এখনো কম নয়।

ইত্তেফাক/এমআর