জীব-বৈচিত্র্য ও ভূমি রক্ষায় তিন তরুণের রেকর্ড পরিভ্রমণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৭:১৭

‘জীব-বৈচিত্র্য ও ভূমি রক্ষায় পাহাড় ধ্বংস বন্ধ করুন’—স্লোগানে তিন তরুণ ১৬১ কিলোমিটার পরিভ্রমণের রেকর্ড গড়েছে। মাত্র ৫ দিনে বান্দরবানের পাহাড়ি এলাকায় এই পরিভ্রমণ এটাই প্রথম।

হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় বান্দরবানে ১৬০ কিলোমিটারের হাইকিং অভিযান। চট্টগ্রাম জেলার শেষ এবং বান্দরবানের শেষ হলুদিয়া বাজার থেকে পরিভ্রমণ শুরু করে হাইকিং ফোর্স বাংলাদেশের প্রধান নির্বাহী মাসফিকুল হাসান টনি এবং তার দুই সহযাত্রী জ্যাকুব নাথ ও থেহ্লা ওয়ান। প্রথম দিন ২৫ কিলোমিটার পথ হেঁটে রাত্রিযাপন করে মুরংদের ম্রোলং পাড়াতে।

দ্বিতীয় দিন কাপ্রু পাড়াতে, ৩য় দিন থানচিতে, ৪র্থ দিন আলিকদমে। সর্বশেষ দিন বিকাল ৪টা নাগাদ তারা পৌঁছে যায় গন্তব্য স্থল পাইন্যাঝিরি, কুমারীবাজার হয়ে লামাতে। 

মাসফিকুল হাসান টনি। ছবি: ইত্তেফাক

এই পরিভ্রমণের তাদের অতিক্রম করতে হয়েছে দেশের সর্বোচ্চ উচ্চতার যানবাহনের পথসহ দেশের দীর্ঘতম পাহাড়ি পথ। এর আগে দীর্ঘ এই ১৬০ কিলোমিটার পাহাড়ি পথ একসঙ্গে কেউ পরিভ্রমণ করেনি।

হাইকিং ফোর্স বাংলাদেশের প্রধান নির্বাহী মাসফিকুল হাসান টনি বলেন, এই অভিযানটির অভিজ্ঞতা এবং গল্প একদমই ভিন্ন। কারণ বাংলাদেশে এ ধরনের পরিবেশে দীর্ঘ এমন পথ পাড়ি দেয়া বেশ চ্যালেঞ্জিং। অভিযানটি থেকে শেখার ও জানার সুযোগ ছিল অনেক বেশি। তার সাথে ছিল দুচোখ ভরে পাহাড়ের সৌন্দর্য দেখা। দৃশ্যগুলো যেন ছবির চেয়েও সুন্দর। অভিযানের তৃতীয় দিন জ্যাকুব ভাইয়ের পায়ে টান লেগেছিল। কিন্তু তার চেষ্টা সত্যিই প্রশংসাযোগ্য। স্থানীয় আদিবাসীদের সহযোগিতা পেয়েছি।

ইত্তেফাক/এএএম