ভারতে করোনা: টেস্ট করাতে আসা প্রতি ১০০ জনে ১৫ জন আক্রান্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৫:০৫

করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে ভারতে। একদিনে দেশটিতে দুই লাখ ৬৪ হাজার মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে জানা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৪ হাজার মানুষকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। সংক্রমণের হার পাওয়া গেছে ১৪ দশমিক ৭ শতাংশ। এর মানে দেশটিতে টেস্ট করানো প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ১৫ জনের দেহেই করোনার উপস্থিতি পাওয়া গেছে। আগেরদিন এই হার ছিলো ১৩ শতাংশ।

আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৭৫৩ জনের দেহে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবারের তুলনায় ভারতে ৪ দশমিক ৮৩ শতাংশ বেশি পাওয়া গেছে ওমিক্রন রোগী।

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জনে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।

ইত্তেফাক/টিআর