অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এবার শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।
রবিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলের সাধারণ ছাত্র-ছাত্রীরা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ও ক্যাম্পাসে পুলিশের গুলি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মিছিল বের করেন। রাত সোয়া ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেন তারা।
এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় শাবি প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা বন্ধ করে সোমবার দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা এ নির্দেশকে উপেক্ষা করে এখন ভিসি পদত্যাগের দাবিতে এ অবস্থান কর্মসূচি নিয়েছে।
উল্লেখ্য, এর আগে শাবির সিরাজুন্নেসা চৌধুরী হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজার বিভিন্ন অনিয়ম নিয়ে হলটির ছাত্রীরা প্রতিবাদ করলে শাবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা করে। প্রতিবাদে রবিবার সকাল ৮টায় শাবির সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস আন্দোলনকারী ছাত্রীদের কাছে এক সপ্তাহ সময় চান। কিন্তু ভুক্তভোগী ছাত্রীরা তা প্রত্যাখ্যান করেন ও প্রশাসনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার চান।
একপর্যায়ে, অধ্যাপক তুলসী কুমার দাসসহ প্রশাসনের অন্যান্যরা কোন সিদ্ধান্ত না জানিয়ে স্থান ত্যাগ করলে আন্দোলনকারী ছাত্রীরাও তাদেরকে অনুসরণ করে বিভিন্ন স্লোগান দিয়ে এগোতে থাকে। এসময়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বের হলে আন্দোলনকারী ছাত্রীরা তার পথরোধ করে। একপর্যায়ে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিংয়ে গিয়ে উঠেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ এসে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা শুরু করে।
পরে কলাপসেবল গেটের তালা ভেঙে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার করে। পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে অর্ধশতাধিক আহত হয়েছেন বলেও জানা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন পুলিশও আহত হন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাবি ও জাবিতে বিক্ষোভ
শাবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী
শাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত