হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক

মাত্র ২৮ ফুট খানাখন্দের জন্য চরম দুর্ভোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২১

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশের মান্নান নগর বাজার এলাকায় মাত্র ২৮ ফুটের মতো জায়গা খানাখন্দের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

স্থানীয়রা জানিয়েছেন, মান্নান নগর বাজার এলাকা চারটি রাস্তার মিলনস্থল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কটির আর কোথাও ভাঙাচোরা নেই। অথচ মান্নান নগর বাজারের সাথে ২৮ ফুটের মতো রাস্তার কার্পেটিং ও ইটের সোলিং ভেঙে বেহাল দশার সৃষ্টি হয়েছে। সামান্য রাস্তাটুকুর যেখানে গর্ত নাই, সেই জায়গাগুলো এবড়ো-থেবড়ো হয়ে আছে। কোথাও কোথাও ফুলে-ফেঁপে ঢিবি হয়েছে। বৃষ্টি না হলেও সারাক্ষণ গর্তগুলোতে কম-বেশি পানি জমে থাকছে। আর পানি শুকালে কর্দমাক্ত থাকছে।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ডা. মোহাম্মাদ আহাদউল্লাহ দৈনিক ইত্তেফাককে বলেন, সর্বাধিক গুরুত্ব দিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকার রাস্তাটুকু সংস্কার করে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করা হবে।