কোটালীপাড়ায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

কোটালীপাড়ার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। আর তাই প্রতিবছর কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করে।

জানা গেছে, উপজেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এছাড়াও প্রায় ২০টি ছোট বড় কিন্ডার গার্টেনেও শহীদ মিনার নেই। উপজেলার ৮০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৌরিন রহমান মৌ বলেন, আমাদের বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। প্রতিবছর আমরা কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে তাতে ফুল দিয়ে ’৫২’র ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা চাই আমাদের বিদ্যালয়ে একটি স্থায়ী শহীদ মিনার  হোক।

৭৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রুহুল আমীন বলেন, কোটালীপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থায়ী শহীদ মিনার নেই। আমরা কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বলেন, বিদ্যালয়গুলোর যখন নতুন ভবন নির্মাণ করা হয় তখন এস্টিমেটে একটি শহীদ মিনার ধরা থাকলে সরকারের তেমন কোনো বরাদ্দ বাড়ে বলে মনে করি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান বলেন, উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই আমরা অতিদ্রুত সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়া আগামীতে যে সকল বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে সে সকল ভবনের এস্টিমেটে যাতে শহীদ মিনার নির্মাণের অর্থ ধরা হয় সেজন্য উপজেলা প্রকৌশলীর সাথে সমন্বয় করবো।