রাজবাড়ীর পাংশায় স্ত্রী লিপি খাতুনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত স্বামী রুবেল সরকার। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউপির বরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, ভোরে স্ত্রী লিপি খাতুন ও স্বামী রুবেল সরকার নতুন জামা কাপড় পড়ে বাইরে ঘুড়তে যায়। পরে সকাল আটটার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকে রুবেল তার স্ত্রীকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
