ভারতীয় ক্রিকেট বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। বাংলাদেশের জন্য সেই মঞ্চটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পূর্বের আসরগুলোতে আলো ছড়িয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সাব্বির রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু কিংবা হালের নাসুম আহমেদের মতো ক্রিকেটাররা। এবারও বেশ কয়েকজন খেলোয়ার উঠে আসবেন বলে আশাবাদী দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের।
বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। মঙ্গলবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ এই আসর দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ। বিপিএল নিজেদেরকে মেলে ধরার মঞ্চ, পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসারও বড় একটি সুযোগ। আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাবো যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করবে।’
এবারের আসরে শক্তিশালী দল গড়েছে বরিশাল। টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো, আফগান স্পিনার মুজিব উর রহমানরা এবার দলটির হয়ে খেলবেন। হেড কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। যদিও গেইল-মুজিবকে টুর্নামেন্টের শুরু থেকেই পাবে না বরিশাল। গেইল ২২ জানুয়ারি ও মুজিব ২৬ জানুয়ারি ঢাকায় আসবেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠান বরিশালকে বিপিএলের ট্রফি এনে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। টুর্নামেন্টের গত ৭ আসরে শিরোপা জিততে পারেনি দলটি।
বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা সবাই মিলে চেষ্টা করবো বরিশালবাসীকে বিপিএলের ট্রফি এনে দিতে। সবগুলো দলই ভালো। নির্দিষ্ট দিনে আমাদেরকে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের দলের সবাই ফিট আছে। এখানে মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
