দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০০:৪৫

২০২১ সালে দেশের ১৬৭টি চা-বাগান এবং ক্ষুদ্রায়তন চা-বাগান থেকে রেকর্ড পরিমাণ মোট ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে যা আগের বছরের চেয়ে ১ কোটি ১ লাখ ১১ হাজার কেজি বেশি।

বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, এ বছর (২০২১) চায়ের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি শুধু উত্তরাঞ্চলে সমতলের চা-বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকেও এ বছর রেকর্ড পরিমাণ ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা জাতীয় উৎপাদনে যুক্ত হয়েছে যা আগের বছর ছিল ১ কোটি ৩ হাজার কেজি।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, কোভিড পরিস্থিতিতেও দেশের সব চা-বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের নিয়মিত মনিটরিং ও পরামর্শ, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা শ্রমিকদের মজুরি, রেশন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ফলে ২০২১ সালে দেশের চা উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

জানা গেছে, উত্তরাঞ্চলে চা-চাষিদের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ এর মাধ্যমে চা আবাদ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে শুধু সমতলের চা-বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকে গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি চা উৎপাদন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে দেশে ৮ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার কেজি চা উৎপাদন হয়। এছাড়া ২০১৯ সালে দেশে রেকর্ড পরিমাণ ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল।

ইত্তেফাক/ ইআ