কাঠালিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

কাঠালিয়ায় নিখোঁজের আটঘণ্টা পরে শান্ত হাওলাদার (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামে নিজ বাড়ির পশ্চিম পার্শ্বের মাঠের কলাই ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের তপন কুমার হাওলাদারের ছেলে।  পুলিশ ও স্বজনরা জানায়, নিহত শান্ত বৃহস্পতিবার নিজ বাড়ির পাশের ঘরের চাচাত বোন সুমি রানীর বিয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে যোগ দেয়। শান্ত অনুমান রাত ১২টার দিকে চাচাত বোনের বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়। রাতে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির সামনের একটি ফসলের মাঠের কলাই ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহতের বাবার দাবি শান্তকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্বজনরা।

থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, স্কুলছাত্র শান্তর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝলকাঠিতে মর্গে পাঠানো হয়েছে।