রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের খলিফাপট্টির মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ীর ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে ‘রিয়াজ স্টোর’ নামে একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশেপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেটের তিন পাশে কোনো জানালা-দরজা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
