উখিয়ায় তিন জার্মান সাংবাদিকের ওপর হামলা :আটক ১১

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

মা ও দুই শিশু কন্যাকে অপহরণ গুজবে শত শত রোহিঙ্গা জার্মান সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে  আইফোন, পাসপোর্ট প্রভৃতি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তিন জার্মান সাংবাদিক লম্বাশিয়া ১নং ক্যাম্পে মাসহ দুটি শিশু কন্যার সাক্ষাত্কার গ্রহণ করে আবেগ প্রবণ হয়ে পড়ে। জার্মান সাংবাদিকরা একটি টমটম গাড়িতে করে তাদেরকে লম্বাশিয়া বাজারে যেতে বলেন। তাদেরকে চাহিদামতো ভালো কাপড় চোপড় ও কিছু ইমিটেশনের অলঙ্কার কিনে দিয়ে তাদের একটি ভিডিও চিত্র ধারণ করার জন্য গাড়িতে তুলে একটি পরিবেশ সম্মত জায়গায় নিয়ে যাওয়ারকালে অপহরণ আতঙ্কে শিশুরা চিত্কার দিয়ে উঠলে উত্তেজিত শত শত রোহিঙ্গা দা, কিরিচ, লাঠিসোটা নিয়ে জার্মান সাংবাদিকদের গাড়ি গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় রোহিঙ্গাদের এলোপাতাড়ি মারধরে জার্মান সাংবাদিকরা আহত হয়।