বিচার বিভাগীয় তদন্ত কমিটি চায় গণফোরাম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

রাজধানীর চকবাজার এলাকায় পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে  নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত  বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ঐক্যফ্রন্টের নেতৃদ্বয় বলেন, সরকারি সংস্থাগুলোর অবহেলা, দুর্নীতি, আইনের প্রয়োগ না থাকা, নিমতলীর ঘটনার পর জনগণের দাবি অনুযায়ী পুরান ঢাকার বাণিজ্যিক এলাকায় রাসয়নিক দ্রব্য বিক্রির ওপর বিধি নিষেধ অমান্য করার কারণে আবারো চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ড হলো। নেতৃদ্বয় অবিলম্বে নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিত্সার দাবি জানান। একইসাথে আইন প্রয়োগকারী সরকারি সংস্থাসহ দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ড. কামাল ও মির্জা ফখরুল বলেন, চকবাজার বাণিজ্যিক, ঘনবসতি এলাকায় আগুন লাগার কারণে আশপাশের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে পুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সহস্রাধিক মানুষ আহত ও কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক যৌথ বিবৃতিতে বলেন, গোটা দেশবাসী যখন মহান একুশে ফেব্রুয়ারির জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে চকবাজারে মর্মান্তিক ও হূদয়বিদারক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পাশ্ববর্তী ভবনসমূহে অগ্নিকাণ্ডে বহু নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়। শত শত আহত ও কয়েকশ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। নেতৃবৃন্দ অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।