সাবধান, ওমিক্রন মোটেই হেলাফেলার বিষয় নয় 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৩:৫৬

কোভিড এক জীবনসংহারি সংক্রামক ব্যাধি। আমাদের দেশের ৫০ শতাংশ মানুষ এখনো দুই ডোজ টিকা নিতে পারেনি। তাই কোভিডে মৃত্যুঝুঁকি আমাদের অনেক বেশি। আর এই ঘাতক ভাইরাস কার জীবন কেড়ে নেবে কেউ জানে না।

বিশেষজ্ঞগণ বলছেন, ডেলটার চেয়ে ওমিক্রনে কম মৃত্যুঝুঁকি। তবুও ওমিক্রনে প্রতিদিনই অনেক মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। কম বয়স থেকে সব বয়সের লোকদের প্রাণ ঝরছে। তাই কোনোভাবেই বলা যাবে না—ওমিক্রন কম ঝুঁকিপূর্ণ। তাই অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতেই হবে; কিন্তু রাস্তাঘাটে চলাচলের সময় দেখা যায় এক অদ্ভূত চিত্র। বেশির ভাগ মানুষ মাস্ক পরছেন না। স্যানিটাইজ করার কথা বাদই দিলাম, সামাজিক দূরত্বও কেউ মানছে না। অথচ যে পরিবারের একজন মানুষ আজ কোভিডে চলে গেছে সেই পরিবারটির অবস্হা কী হতে পারে একটু ভাবুন তো। তাই ওমিক্রনকে হালকাভাবে দেখবেন না। অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন এবং বাইরের থেকে ঘরে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত-মুখ ধুয়ে নেবেন। পাশাপাশি সামান্য জ্বর, কাশি, ঠান্ডা লাগলে, গলাব্যথা হলে বাড়ির অন্যদের থেকে আলাদা থাকবেন।

মনে রাখবেন—আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে কোভিডের জীবাণু বাতাসে ছড়ায় এবং অন্যদেরও সংক্রমিত করে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও কোভিডে সংক্রমিত হতে পারেন। তাই অবশ্যই স্বাস্হ্যবিধি মেনে চলুন, কোভিড থেকে নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদে রাখুন।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন