সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: পরিবেশ ও বনমন্ত্রী 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২০:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে এ সকল জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিলো কি না তা খুঁজে বের করা হবে। 
 
মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় তার সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।  

পরিবেশমন্ত্রী বলেন, এতো কম সময়ের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যেই এর কারণ নির্ণয় করতে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলমান আছে। প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে আজ বিশেষজ্ঞরা কয়েকটি ক্ষেত্রে আঘাত, ব্যাকটেরিয়ার সংক্রমণ, জেনেটিক কারণ এবং একটি ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময়ের প্রয়োজন। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,  অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি সংযুক্ত  ছিলেন।

ইত্তেফাক/এনএ