আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট বিজন বিশ্বাস। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তিনি বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝার কাছ থেকে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে স্বামীর ছবি বুকে জড়িয়ে এসেছিলেন বিজন বিশ্বাসের মা গীতাঞ্জলী বিশ্বাস। তিনি বলেন, ‘আমার স্বামীর ইচ্ছা ছিল তার ছেলে বিজন এই কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করবে। তিনি তার জীবদ্দশায় সেটি দেখে যেতে পারেননি। আজকে তিনি এই পৃথিবীতে নেই। কিন্তু তার ছেলে বিজন আজ এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। তাই আমি আমার সন্তানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তার পিতার ছবি নিয়ে উপস্থিত হয়েছি।’
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান বিজন বিশ্বাসের পিতা বিপিন বিহারী বিশ্বাস আমার শিক্ষক ছিলেন। তার ইচ্ছা ছিল বিজন বিশ্বাস জনপ্রতিনিধি হয়ে এলাকার জনগণের সেবা করবে। স্বর্গীয় বিপিন বিহারী বিশ্বাসের সেই আশা আজ পূরণ হয়েছে। এতে আমরা আনন্দিত।’
বিজন বিশ্বাস বলেন, ‘আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারি। এজন্য আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি।’
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরনীকান্ত অধিকারী, শেখ রাসেল কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারুচন্দ্র গাইন, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বক্তব্য রাখেন।

‘সরকারের উচিত ভিসিকে সরিয়ে দেওয়া'