বিশ্ব গণমাধ্যমে চকবাজার ট্র্যাজেডির খবর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। এই অগ্নিকাণ্ড, স্বজনদের আর্তির কথা দেশি গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস. গালফ নিউজ, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দুস্তান টাইমস, ডয়েচে ভেলে, আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। পাশাপাশি এপি, রয়টার্স, সিনহুয়া ও এএফপি’র মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোও দ্রুততম সময়ে  এ সংক্রান্ত খবর ছড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইংরেজি সার্ভিসের অনলাইনের প্রধান শিরোনাম ছিল, ‘বাংলাদেশ ফায়ার: ব্লেইজ কিলস ডজনস ইন ঢাকা হিস্টোরিক ডিস্ট্রিক্ট’। রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ভবনে আগুন লেগে ৭০ জন মারা গেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। 

টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর গুরুত্বসহকারে প্রচার করা হয়। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়, এ ঘটনায় ৭০ জনের মৃত্যু ও ৫০ জনের বেশি আহত  হয়েছেন। নয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

‘বাংলাদেশের রাজধানীতে আগুনে পুড়ে ৬৯ জন নিহত হয়েছে’ শিরোনামে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, রাসায়নিকের গুদাম হিসেবে ব্যবহূত একটি ভবন থেকে কয়েকটি ভবনে ওই আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ওই ভবনের ভেতর আটকা পড়ে। চকবাজারের আগুনের খবর গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

প্রসঙ্গত, বুধবার চকবাজারের চুড়িহাট্টায় হাজী ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডে ৬৭ জন প্রাণ হারিয়েছেন।