রাজশাহীতে ঘরে ঘরে করোনা ভাইরাস!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৪৮

রাজশাহীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। তবে ঘরে ঘরে করোনা রোগী বাড়লেও হাসপাতালে চাপ কম। অধিকাংশই পরীক্ষা ছাড়া চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। শুধু যাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কেবল তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।

জানা গেছে, রাজশাহীর দুইটি ল্যাবে নমুনা পরীক্ষা অনুপাতে জেলায় টানা তিন দিন ধরে করোনা ভাইরাস শনাক্তের হার পঞ্চাশোর্ধ। গত মঙ্গলবার রাজশাহী জেলায় ৫৮ দশমিক ৬০ শতাংশ নমুনায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে বিভাগের রিপোর্ট তা ৬০ ঊর্ধ্ব। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এক প্রতিবেদনে জানান, গত মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৪ নমুনায় মিলেছে করোনার ভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। তিনি আরো জানান, গত মঙ্গলবার রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ভাইরোলজি ল্যাবে ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২২৭ জনের। আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। গত রবিবার রাজশাহী জেলায় শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯। এছাড়া গত শনিবার ৪৪ দশমিক ১৯ এবং শুক্রবার ২৮ দশমিক ৭১ শতাংশ ছিল করোনা শনাক্তের হার।

শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আট জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট জন। হাসপাতালের ১০৪ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৪৯ জন। এর মধ্যে রাজশাহীর ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নওগাঁর তিন, নাটোরের দুই, পাবনার তিন, কুষ্টিয়ার তিন জন এবং সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও মেহেরপুরের এক জন করে রোগী। করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। উপসর্গে ভর্তি ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুই জনের। এদিকে, বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত আরেক প্রতিবেদনে জানানো হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় র‍্যাপিড অ্যান্টিজেনসহ ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। 

ইত্তেফাক/ ইআ