রাজশাহীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:৫৭

রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় রেলওয়ের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়েল রগ কেটে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে রেলওয়ের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ সজীব ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। নিহত জহুরুল ইসলাম রেলওয়ের পোর্টার পদে আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেলওয়ে শ্রমিক লীগের ওপেনলাইন শাখার সহ-সভাপতি ছিলেন।

এদিকে জহুরুল হত্যার ঘটনায় রেলওয়ের আরেক কর্মী সজীবের বাবা মতিয়ারকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। 

থানার সেকেন্ড অফিসার মইনুল ইসলাম জানান, আটক মতিয়ার হত্যার সঙ্গে জড়িত রয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে কলোনির পূর্বদিকে এবং ভদ্রা বস্তি থেকে পশ্চিম দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওয়ের পোর্টার জহুরুল তার বাড়ির পাশে রেলওয়ের একটি জায়গায় চাষাবাদ করতেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরধরে একই এলাকার মতিয়ারের ছেলে সজীব ও তার সহযোগীরা জহুরুলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হত্যাকাণ্ড নিশ্চিত করতে জহুরুলের পায়ের রগ কাটা হয়। হত্যায় অভিযুক্ত সজীবও রেলওয়েতে কর্মরত। সজীব ও জহুরুল ওই জমি চাষাবাদ করতেন। ওই জায়গা নিয়েই তাদের ভিতরে দ্বন্দ্ব চলছিলো। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/এমএএম