নারায়ণগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীরসহ জামায়াত ও শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে দুইটি লঞ্চসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও গেঞ্জিসহ জামায়াত-শিবিরের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। আটকরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর মো: কাউসার, পাঠানটুলী এলাকার জামায়াত নেতা এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরীর বড় ভাই এমদাদসহ আরো ৮ জন জামায়াত-শিবির কর্মী।
ডিবির পরিদর্শক মো: এনামুল হক জানান, শুক্রবার দুপুরে নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে জামায়াত-শিবিরের ৩০ থেকে ৪০ জন কর্মী লঞ্চে বসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের বেশ কিছু কর্মী পালিয়ে যায়। এ সময় লঞ্চে অবস্থানরত ১০ জনকে আটক করা হয়। পরে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে জামায়াত-শিবিরের সাংগঠনিক কাজে ব্যবহূত বেশ কিছু আলামত উদ্ধার হয়।
তিনি আরো জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লঞ্চ দুটি ভাড়া করে শহরের বাইরে দূরে কোথাও গিয়ে একত্রিত হয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ডিবি পুলিশ পালিয়ে যাওয়া জামায়াত-শিবির কর্মীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
