তামাবিল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি নাগরিককে ফেরত দিলো বিএসএফ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:৫১

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি এক নাগরিককে স্বজনদের নিকট হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ ও বিএসএফ। 

জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি এক নাগরিককে স্বজনদের নিকট ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ ও বিএসএফ হস্তান্তর করে।

সে শেরপুর জেলার নালিতা বাড়ি থানার বাটকুচি টিলাপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আলী হোসেন (৩০)। প্রায় ২ বছর পূর্বে নালিতা বাড়ি থানার একটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে ভারতীয় বিএসএফ। 

মো. আলী হোসেনের স্বজন ও বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট জানায়, আলী হোসেন দীর্ঘ ২১ মাস মেঘালয়ের তুরা ডিষ্ট্রিক জেলে থাকার পর, ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর প্রচেষ্টায় তাকে তার আত্মীয়-স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

এসময় ডাউকি বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ কুমার মিসরা, ডাউকি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ রিচেনট্রন খাড়াকর, তামাবিল ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ মো. রনু মিয়া, এ এস আই মো. রমজান, তামাবিল বিজিবি ক্যাম্পের নায়েক আক্তার উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন চেক পোষ্টের অফিসার ইনচার্জ মো. রনু মিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মো. আলী হোসেন ফেরত পাঠায়, আমরা থাকে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের নিকট হস্তান্তর করি৷ 

ইত্তেফাক/এমএএম