পাংশা পৌর শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছে বাসিন্দারা। ইজিবাইকগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটের কবলে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
পৌরশহরের রেলগেট, কালীবাড়ি মোড়, পুরাতন বাজারসহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় সব সময় যানজট লেগেই থাকে। রেলগেটের একজন চা বিক্রেতা বলেন, মাঝেমধ্যে রেলক্রসিংয়ের ওপরে এমন জ্যাম লাগে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, যানজট নিরসনে ও অবৈধ যান চলাচলে আমরা মাইকিং করেছি। প্রশাসনও ব্যাপক ভূমিকা রাখছে। কিন্তু লোকবল কম থাকায় ও পৌর এলাকার রাস্তা শুরু হওয়ায় এবং বাইপাস রাস্তা না থাকায় এ যানজটের সৃষ্টি হয়। দিন দিন আরো বেড়েই চলেছে ইজিবাইক ভ্যান রিকশাসহ অবৈধ যানবাহন। রুট পারমিট ছাড়াই চলছে এসব যানবাহন। এগুলো বন্ধ করা গেলেই যানজট কমে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, ফুটপাত দখল ও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়াই আছে। এগুলা বন্ধ করতে এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসন আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

