সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ ব্যানারে গণভবন মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের বাধা পেরিয়ে তারা অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের একদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়িসহ ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে। এসময় আসাদগেট মোড় থেকে গণভবন মোড়ের দিকে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পুলিশ আধাঘণ্টার মধ্যে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, গত বছর ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করে।
জানা গেছে, গতকাল বিকাল পাঁচটায় এ সংগঠন শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা সেখান থেকে মিছিল নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে যায় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করে। তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম তাদের কর্মসূচি স্থগিত করতে বললেও তারা কর্মসূচি চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তারা সেখান থেকে মিছিল নিয়ে এসে গণভবন এলাকায় সড়ক অবরোধর চেষ্টা করে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুষার বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে।
