দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে নোবিপ্রবির বঙ্গবন্ধু হল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২৩:১৪

দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চালু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। রবিবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. মাজনুর রহমান। 

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের আমরা শিক্ষার্থীদের হলে তোলার ব্যবস্থা করেছি। যেহেতু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইনে চলছে সেহেতু শিক্ষার্থীদের মেসের ভাড়া বহন করা কষ্টসাধ্য ব্যাপার। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, যাদের পরীক্ষা চলছে তাদের হলে থাকার অনুমতি দেয়া হয়েছে এবং যারা বাড়িতে চলে গিয়েছে, পরবর্তীতে এসে তারা বরাদ্দ পাওয়া আসনে উঠতে পারবে।

তাছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু হবে। 

এদিকে নতুন হল চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। হলে থাকার মাধ্যমে তাদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হবে তারা আনন্দ প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, উদ্ধোধনের ৩২ মাস পর গত ৪ নভেম্বর ২০২১ বঙ্গবন্ধু হলের আসন বরাদ্দের অনলাইন কার্যক্রম শুরু হয়। তাছাড়া ২০১৪ সালে ডিসেম্বরে এ হলের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে ২৪ জানুয়ারী ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এ হলের উদ্বোধন করেন। এবার প্রায় ৫৯৩ জন শিক্ষার্থীকে এই আসন বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।

 

ইত্তেফাক/এসটিএম