সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক মেম্বার প্রার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মেম্বার প্রার্থীর নাম মো. জদু মিয়া (৫২)।
সোমবার (৩১ জানুয়ারি) ১১টার সময় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছুদিন যাবত কিডনি জনিত রোগে ভুগছিলেন। নির্বাচনি প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচারণা করে অসুস্থ হয়ে গত ৫ দিন ধরে বিছানায় ছিলেন। সকালে আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন। আমরা ভোট কেন্দ্রে থাকা অবস্থায় ১১টার দিকে মারা যান তিনি।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতা জনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।
