উখিয়ায় স্বর্ণচুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৎ ভাই আব্দুস ছালামের পৈশাচিক নির্যাতনে তার সৎ বোন আলমাছ খাতুন (৪০) অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। সোমবার রাত ১১টার দিকে এ রোমহর্ষক ঘটনাটি ঘটেছে।
নিহত আলমাছ খাতুন টিএন্ডটি গুচ্ছগ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী। ঘটনাস্থল ঘুরে জানা যায়, পিতামাতা ও স্বামীহীন আলমাছ খাতুন মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে দিন যাপন করে আসছিলেন। তার ছিল ব্যবহৃত কিছু স্বর্ণালংকার। রবিবারে তার অলংকার গুলো চুরি হয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তার সৎ ভাই আব্দুস ছালাম তাকে পৈশাচিক নির্যাতন করে। তাকে গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় একাকি বাড়িতে ফেলে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে পুলিশ আলমাছ খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
